কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চলে খাদ্য সহায়তা পৌঁছে দিল 'ওয়াইড অ্যাঙ্গেল'

কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চলে খাদ্য সহায়তা পৌঁছে দিল 'ওয়াইড অ্যাঙ্গেল'।

করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে খাবার ও খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াইড অ্যাঙ্গেল ফাউন্ডেশন। গতকাল ১৬ মে, শনিবার কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার বিভিন্ন চরে সামাজিক দূরত্ব বজায় রেখে দুস্থ শতাধিক পরিবারের মাঝে রমজানের উপহার হিসেবে খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয়। প্রতি প্যাকেটে ছিল ১০ কেজি চাল, তিন কেজি আলু, কেজি মসুর ডাল, এক কেজি লবণ, এক লিটার সয়াবিন তেল, এক কেজি চিনি, লাচ্ছা সেমাই ও সাবান। এছাড়া সংগঠনটি চরের এতিম ও দুস্থ শিশুদের মাঝে ঈদের উপহার হিসেবে নতুন জামা কাপড় বিতরণ করে।


খাদ্যসামগ্রী নিতে আসা শংকর মাধবপুর গ্রামের শরিফুন বলেন, 'কিছুদিন আগে বড়ো ছেলেটা হঠাৎ মারা গেল। ছেলের আয়ের টাকায় কষ্ট করে কোনো রকমে সংসার চালিয়ে আসছিলাম। করোনার কারণে সবাই কর্মহীন হয়ে ঘরে বসে আছি। রমজানে কোনোদিন আধাপেট সেহরি খেয়ে, কোনোদিন শুধু পানি খেয়ে রোজা থেকেছি। এই দুঃসময়ে যারা আমাকে এই খাদ্যসামগ্রী দিল। আমি প্রাণ খুলে তাদের জন্য দোয়া করি।'

ওয়াইড অ্যাঙ্গেল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী হুমায়ুন কবির বলেন, বর্তমানে আমরা বৈশ্বিক করোনা দুর্যোগের শিকার হয়ে এক ভয়াবহ সময় অতিবাহিত করছি। করোনা দূর্গতদের সহায়তায় সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন কাজ করে যাচ্ছে। কিন্তু নদী বেষ্টিত এসব চরাঞ্চলে সেসব সাহায্য সহযোগিতার খুব কমই এসে পৌঁছায়। তাই আমরা চেষ্টা করছি এসব দুর্গম চরাঞ্চল গুলোতে খাদ্য সহায়তা পৌঁছে দিতে।

উল্লেখ্য, করোনা মহামারীর শুরু থেকেই নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় রান্না করা খাবার বিতরণ করে আসছে ওয়াইড অ্যাঙ্গেল ফাউন্ডেশন।

No comments

Powered by Blogger.